কম্পিউটার এবং হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে পুরোনো ক্লাসিক এক্সবক্স গেমগুলো খেলার সুযোগ করে দিতে 'এক্সবক্স ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি অন পিসি' নামক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে চারটি গেমের মাধ্যমে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই গেমগুলো কম্পিউটারের পাশাপাশি রগ এক্সবক্স অ্যালাই কিংবা এক্সবক্স অ্যালাই এক্স-এর মতো জনপ্রিয় হ্যান্ডহেল্ড ডিভাইসেও খেলা সম্ভব হবে। এক্সবক্সের নেক্সট জেনারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেসন রোনাল্ড এক বার্তায় এই নতুন সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ‘ব্লিংক্স: দ্য টাইম সুইপার’, ‘কনকার: লাইভ অ্যান্ড রিলোডেড’, ‘ক্রিমসন স্কাইস: হাই রোড টু রিভেঞ্জ’ এবং ‘ফিউশন ফ্রেঞ্জি’ গেমগুলো কম্পিউটারে খেলার সুযোগ মিলবে। ব্যবহারকারীরা এই গেমগুলো নতুন করে কিনতে পারবেন অথবা সব ধরনের এক্সবক্স গেম পাস সাবস্ক্রিপশনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এছাড়া যাদের কনসোলে ইতিমধ্যে এই গেমগুলোর ডিজিটাল লাইসেন্স কেনা আছে, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কম্পিউটারে গেমগুলো খেলতে পারবেন।
মাইক্রোসফট জানিয়েছে, কম্পিউটারের জন্য তৈরি এক্সবক্স অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই গেমগুলো খেলা যাবে। পাশাপাশি এক্সবক্স প্লে এনিহোয়্যার এবং এক্সবক্স ক্লাউড গেমিংয়ের মাধ্যমে কনসোল, ক্লাউড, কম্পিউটার বা হ্যান্ডহেল্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গেমের তথ্য বা ডেটা সংরক্ষণ করা হবে।
প্রযুক্তিগত উৎকর্ষের কথা উল্লেখ করে মাইক্রোসফট জানিয়েছে, পুরোনো এই গেমগুলো এখন ৪এক্স রেজোল্যুশনের পরিবর্তে আরও উন্নত রেজোল্যুশনে খেলা যাবে। এতে ফুলস্ক্রিন ও উইন্ডোজ ডিসপ্লে মোড, অ্যানাইসোট্রপিক ফিল্টারিং এবং অ্যান্টি-অ্যালিয়াসিং সুবিধা যুক্ত করা হয়েছে, যা কম্পিউটারে গেম খেলার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।