যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের নিকটবর্তী এলাকায় এক বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ এই গুলির ঘটনার কথা নিশ্চিত করেছে। পুলিশের ধারণা, এই হামলায় বেশ কয়েকজন বন্দুকধারী জড়িত ছিল।

বিবিসির দেওয়া তথ্যে জানা গেছে, দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু রয়েছে, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের মধ্যে একজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

ঘটনার পর সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’

হামলাকারীদের আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ। তবে তারা জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, দ্য সিয়াটল সেন্টারে ‘বাইট অফ সিয়াটল’ নামে সপ্তাহান্তের একটি খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। শত শত খাবার বিক্রেতা ও গানবাজনার আয়োজনে জমজমাট এই উৎসব চলাকালীন এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।