অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার পাশাপাশি এখন গুগল সার্চের মাধ্যমেই গণিত, পদার্থবিজ্ঞান এবং জ্যামিতির জটিল সমস্যার সমাধান পাওয়া সম্ভব, যা অনেকের কাছেই অজানা। ২০২৩ সাল থেকে এই বিশেষ সুবিধাটি চালু করা হয়েছে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা প্রায়ই গণিত সমাধান করার সময় পরবর্তী ধাপগুলো নিয়ে বিভ্রান্তিতে পড়েন। বিশেষ করে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের মতো কঠিন বিষয়গুলোতে সহায়তার জন্য তারা গুগল সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। সার্চ বারে সরাসরি সমীকরণ লিখে অথবা গুগল লেন্সের মাধ্যমে সমস্যার ছবি তুলে ধাপে ধাপে সমাধান দেখা সম্ভব। ডেস্কটপ বা মোবাইল থেকে 'ম্যাথ সলভার' লিখে এই সুবিধাটি গ্রহণ করা যায়। এছাড়া লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নতির ফলে উচ্চবিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভিন্ন লিখিত সমস্যার সমাধান এখন সহজেই পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থাটি সমস্যার জানা ও অজানা মানগুলো আলাদা করে চিনতে সাহায্য করার পাশাপাশি কোন ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার করতে হবে, তাও জানিয়ে দিচ্ছে।
জ্যামিতির ক্ষেত্রে চিত্রভিত্তিক সমস্যাগুলো কেবল লিখে প্রকাশ করা কঠিন। যেমন—ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ছবির পাশাপাশি পরিমাপের তথ্য প্রয়োজন হয়, যা শুধু লিখে সার্চ করে পাওয়া সম্ভব নয়। তবে গুগল লেন্স ব্যবহার করে ত্রিভুজের ছবি এবং লিখিত তথ্যের সমাধান একবারে পাওয়া যায়, যা ধাপে ধাপে পুরো সমাধানের প্রক্রিয়াটি তৈরি করে দেয়।
পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ধারণা দিতে গুগল সার্চে যুক্ত করা হয়েছে ইন্টারঅ্যাকটিভ থ্রিডি মডেল। এর মাধ্যমে কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজ বা ক্রিস্টি দেখতে কেমন, তা সরাসরি দেখা সম্ভব। গুগলের প্রোডাক্ট লিড রব ওংয়ে জানিয়েছেন, "আপনি গণিত বই নিয়ে বসুন বা জটিল পদার্থবিজ্ঞানের বিষয়ে বিস্তারিত জানতে সার্চ করুন, কখনো কখনো আপনি যা খুঁজছেন, তা হুবহু প্রকাশ করা কঠিন হতে পারে। সার্চ এবং লেন্সের নতুন ফিচারের মাধ্যমে আপনি স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) সম্পর্কিত বিষয়গুলো ভিজ্যুয়ালাইজ করতে পারবেন। কোনো সমীকরণটি ব্যবহার করতে হবে, তা আরও প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে খুঁজে নিতে পারবেন।"