ইউটিউব শর্টসের জন্য দ্রুত পছন্দসই থাম্বনেইল তৈরি এবং এর ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এই টুলটি ব্যবহারের মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতাধীন কনটেন্ট নির্মাতারা এখন থেকে তাদের শর্টস ভিডিওর জন্য স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এর ফলে ভিডিওর তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আকর্ষণীয় থাম্বনেইল যুক্ত করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইউটিউবের ‘আস্ক স্টুডিও’তে এই এআই টুলটি যুক্ত করা হয়েছে। এর সাহায্যে ভিডিওর জন্য স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রং এবং নকশায় পরিবর্তন আনা যাবে। ভিডিওর বিষয়বস্তু এবং নির্মাতাদের নিজস্ব উপস্থাপনার ধরন অনুযায়ী এই থাম্বনেইলগুলো তৈরি হবে।
ইউটিউব জানিয়েছে, কম্পিউটারে এখন ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা তিনটি ফ্রেমের মধ্যে যেকোনো একটিকে থাম্বনেইল হিসেবে নির্বাচন করা যাবে। আগে এই সুবিধাটি শুধুমাত্র দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে পাওয়া যেত, যা এখন শর্টসেও যুক্ত করা হয়েছে। তবে কম্পিউটারে এই সুবিধা পাওয়া গেলেও মোবাইল অ্যাপের ক্ষেত্রে আগের মতোই থাম্বনেইল নির্বাচন করতে হবে। উল্লেখ্য, এই সুবিধাটি নতুন ভিডিওর পাশাপাশি পুরোনো ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইউটিউবের তথ্যমতে, প্রকাশিত ভিডিওর এআই থাম্বনেইল পরবর্তীতে পরিবর্তন বা নতুন করে যুক্ত করা সম্ভব। এজন্য কম্পিউটারে ইউটিউব স্টুডিওর কনটেন্ট বিভাগে গিয়ে নির্দিষ্ট ভিডিও নির্বাচন করে পছন্দের থাম্বনেইল আপলোড করতে হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এই টুলটি উন্মুক্ত করা হবে।