কমলা রঙের একটি পুতুল ওরাংওটাংকে আঁকড়ে ধরে মায়ের মমতা খুঁজে পাওয়া ছোট্ট বানরছানা ‘পাঞ্চ’-এর কথা মনে আছে সবার? ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হওয়া সেই বানরটি সম্প্রতি তার জীবনের প্রথম বছর পূর্ণ করেছে। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে দেশ-বিদেশের হাজার হাজার মানুষের পাঠানো শুভেচ্ছা কার্ডে ভালোবাসায় সিক্ত হয়েছে সে।
জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে বসবাস করে ম্যাকাক প্রজাতির এই বানরটি। গত বছর জন্মের পরপরই আলোচনায় আসে পাঞ্চ। অসুস্থ হওয়ার কারণে জন্ম নেওয়ার পর মা বানরটি তাকে পরিত্যক্ত করে। শুরুতে চিড়িয়াখানার কর্মীরাই তার দেখাশোনা করেন। বানরছানাদের সহজাত আঁকড়ে ধরার প্রবণতা বজায় রাখতে পাঞ্চের হাতে দেওয়া হয়েছিল একটি পুতুল ওরাংওটাং। সেই পুতুলটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছিল।
সময়ের সাথে সাথে পাঞ্চ এখন আর সেই পুতুলনির্ভর ছোট্ট ছানাটি নেই। বর্তমানে সে চিড়িয়াখানার প্রায় অর্ধশত বানরের দলের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে। দলের অন্য সদস্যদের ভিড়ে তাকে আলাদা করে চেনা এখন কঠিন। বয়সের সাথে সাথে পুতুলের মায়া কাটিয়ে উঠলেও ভক্তদের মনে তার জনপ্রিয়তা আগের মতোই অটুট।
পাঞ্চের প্রথম জন্মদিনে জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড পৌঁছেছে চিড়িয়াখানায়। জন্মদিনের বিশেষ প্রদর্শনীতে এই কার্ডগুলো দিয়ে দেয়াল সাজানো হয়েছে।
এই প্রসঙ্গে চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, ‘পাঞ্চ যখন বেঁচে থাকার সংগ্রাম করছিল, তখন আমাদের দুই কর্মী তাকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ পাঞ্চের এত ভালোবাসা পাওয়া সত্যিই দারুণ আনন্দের।’