মহাবিশ্বের জটিল সমীকরণ ও রহস্য উন্মোচনের প্রধান হাতিয়ার গণিতের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় চার তরুণ গণিতবিদ ভূষিত হয়েছেন 'ফিল্ডস মেডেল' পুরস্কারে। গণিত জগতের নোবেল হিসেবে পরিচিত এই সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের আইএইচইএসের হংক ওয়াং, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইউ ডেং, স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যাকব জিমারম্যান। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের এই পুরস্কার প্রদান করা হয়।

ফিল্ডস মেডেলের ৯০ বছরের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে এই গৌরব অর্জন করেছেন হংক ওয়াং। এর আগে ২০১৪ সালে মরিয়াম মির্জাখানি এবং ২০২২ সালে মেরিনা ভিয়াজোভস্কা এই সম্মাননা পেয়েছিলেন। হংক ওয়াং মূলত দুটি ভিন্ন গাণিতিক ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছেন। তরঙ্গসদৃশ সমীকরণের মাধ্যমে বিভিন্ন আকৃতির স্থান দখল সংক্রান্ত গবেষণায় বিশেষ সাফল্য পান তিনি। ২০২৫ সালে গণিতবিদ জোশুয়া জাহলের সঙ্গে তিন মাত্রার কাকেয়া অনুমান প্রমাণ করার মাধ্যমে ওয়াং দীর্ঘ ৫০ বছরের এক গাণিতিক রহস্যের সমাধান করেন।

প্রবাহী বা তরল পদার্থের গতি-সম্পর্কিত গণিতে অভূতপূর্ব সাফল্য এনেছেন ইউ ডেং। অণুবীক্ষণ যন্ত্রের নিচে তরলের অণুর এলোমেলো চলাফেরা এবং বিশাল পরিসরে এর সুনির্দিষ্ট নিয়মের মধ্যে মিল খুঁজতে এক শতাব্দীর বেশি সময় ধরে গণিতবিদরা ব্যর্থ হয়েছিলেন। ডেং ও তাঁর সহযোগীরা প্রমাণ করেছেন যে, উভয় স্কেলেই প্রবাহী পদার্থ ব্যাখ্যার সমীকরণ আসলে একই।

অন্যদিকে, স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জন পার্ডন মাত্র ২১ বছর বয়সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন গণিতের 'নট থিওরি'র একটি জটিল ধাঁধার সমাধান করেন। বিভিন্ন ধরনের গিঁট আলাদা করার কৌশল অনুসন্ধান করতে গিয়ে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে অমীমাংসিত থাকা একটি ধারণাকে সহজভাবে প্রমাণ করেন।

২০২১ সালে বিখ্যাত আন্ড্রে-ওর্ট তত্ত্বের অনুমান প্রমাণ করেছেন জ্যাকব জিমারম্যান ও তাঁর দল। এই তত্ত্ব মূল সংখ্যার জটিল সমীকরণ এবং বিশেষ গাণিতিক বিন্দুর কাঠামো বুঝতে সহায়তা করে। এই অর্জনের পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় গণিতের প্রয়োগ ঘটাতে আগ্রহী জিমারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পৃথিবীতে বড় পরিবর্তন আসছে। এআই নিয়ে সবচেয়ে ভয়ের বিষয় হলো আমরা এর ভেতরের ব্যবস্থা ভালোভাবে বুঝি না। বিশুদ্ধ গণিত এই অজ্ঞতা দূর করতে পারে।’

কানাডার গণিতবিদ জন চার্লস ফিল্ডসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে, যিনি ১৯২০-এর দশকে আন্তর্জাতিক গণিত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। নোবেল পুরস্কারের মতো প্রতি বছর নয়, বরং প্রতি চার বছর অন্তর ফিল্ডস মেডেল প্রদান করা হয়। এই পুরস্কার পাওয়ার জন্য গণিতবিদদের বয়স অবশ্যই ৪০ বছরের কম হতে হয়।