নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। জানা গেছে, ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কার্তিকাহার গ্রামে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ বেলা একটার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন তিনি। সেই সময় স্ত্রী সুমাইয়া খালের তীরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যান। তাঁকে বাঁচাতে নেমে সুমাইয়াও নিখোঁজ হয়ে যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার বলেন, "স্থানীয় লোকজন দুজনকে নিথর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।"
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, "মৃত্যুর এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"