দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮২০ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ রোববার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৬০ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

মৃত চার শিশুর মধ্যে একজন করে শিশু মারা গেছে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও বরিশালে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭২৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১৯৫ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৫ হাজার ৪৪২ শিশুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।

চিকিৎসার জন্য গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।