২০০২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করা দক্ষিণ এশিয়ার শীর্ষ রং উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস। দেশের বাজারে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর কে এস এম মিনহাজ।
দেশের বাজারে নিজেদের অবস্থান ও উৎপাদন সক্ষমতা প্রসঙ্গে তিনি জানান, "গাজীপুর ও মিরসরাইয়ে দুটি উৎপাদন কারখানার মাধ্যমে আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম পেইন্ট ব্র্যান্ড হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছি। বাজারে সরবরাহ করা আমাদের প্রায় ৯৯ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে উৎপাদিত। এ ছাড়া এক হাজারের বেশি ডিলারের সরবরাহব্যবস্থার মাধ্যমে দেশের সব জেলায় গ্রাহকদের দোরগোড়ায় আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।"
সাম্প্রতিক সময়ে গ্রাহকদের চাহিদার পরিবর্তন নিয়ে কে এস এম মিনহাজ বলেন, "রং এখন আর কেবল ঘরের দেয়াল ঢাকার পণ্য নয়, এটি মানুষের ব্যক্তিত্ব ও জীবনযাত্রার নন্দন চেতনার প্রকাশ। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে ক্রেতারা ঘরের নান্দনিক রূপ নিয়ে অনেক বেশি সচেতন। তাঁরা এখন সাধারণ রঙের বদলে উন্নত ফিনিশিং, দীর্ঘস্থায়ী সুরক্ষা ও আন্তর্জাতিক মানের পণ্যের দিকে বেশি ঝুঁকছেন।"
ক্রেতাদের এই পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আবহাওয়াজনিত আর্দ্রতা ও দেয়ালে নোনা ধরার সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে তারা ওয়াটারপ্রুফিং অ্যান্ড কনস্ট্রাকশন কেমিক্যাল ক্যাটাগরিতে নজর দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, "আবহাওয়াজনিত আর্দ্রতা ও দেয়ালে নোনা ধরার সমস্যা বেশ প্রকট। তাই দীর্ঘমেয়াদি সমাধানে আমরা ওয়াটারপ্রুফিং অ্যান্ড কনস্ট্রাকশন কেমিক্যাল ক্যাটাগরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি দেয়ালকে সব সময় পরিষ্কার রাখতে এনেছি ‘নন–স্টিক পেইন্ট’। নান্দনিক সৌন্দর্যের সঙ্গে দীর্ঘস্থায়ী সুরক্ষাই আমাদের মূল অগ্রাধিকার।"
দক্ষিণ এশিয়ায় এশিয়ান পেইন্টসের আঞ্চলিক গ্রহণযোগ্যতা স্থানীয় বাজারে কীভাবে প্রভাব ফেলছে, সে বিষয়ে তিনি জানান, "বিশ্বজুড়ে ১৪টি দেশে ব্যবসা ও ২০০ জনের বেশি গবেষকের বৈশ্বিক প্রযুক্তি আমাদের বড় শক্তি। আন্তর্জাতিক গবেষণাগারের উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্যের সর্বোচ্চ উৎকর্ষকে আমরা স্থানীয় বাজারের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাচ্ছি। ফলে গ্লোবাল স্ট্যান্ডার্ড ও লোকাল চাহিদার সঠিক সমন্বয়ে আমরা গ্রাহকদের সেরা অভিজ্ঞতা ও আস্থাশীল সেবা দিতে পারছি।"