বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রাম অঞ্চলের পাঁচ পরিচালক পদ নির্বাচনের জন্য ভোট দেবেন সদস্যরা। এর আগে সংগঠনের ৬ জন সহসভাপতি ও ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন বোর্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে লড়াই করছেন ঐক্য পরিষদের প্যানেল লিডার ও আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ।
চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন বশির আহমেদ (প্যাম কমপ্লেক্স), মোহাম্মদ সায়েম উদ্দিন (হাই স্পিড প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ), বেলাল উদ্দিন (ব্লু প্যাক লিমিটেড), মো. ফজলুল করিম (সাহেদ) (সুফি ডাইং অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ) ও আবুল ফজল মো. ইবনুল হাসান (হাসান ট্রিমস অ্যান্ড অ্যাকসেসরিজ)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন হলি ইলাস্টিকের পরিচালক মো. ফজলে এলাহী। তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফলে পাঁচটি পরিচালক পদেই ভোট গ্রহণ হবে।
ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মো. মনিরুজ্জামান মোল্লা, প্রথম সহসভাপতি (চট্টগ্রাম) শাহজাদা মাহমুদ চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি পদে জাহির উদ্দিন আলমগীর, অর্থবিষয়ক সহসভাপতি পদে সাইফুল ইসলাম (সবুজ) এবং সহসভাপতি পদে জহির উদ্দিন মো. বাবর ও কাজী ফাহাদ।
গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঐক্য পরিষদের প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মো. শাহরিয়ার প্যানেলের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, "গত নির্বাচনে দেওয়া ২১ দফা প্রতিশ্রুতির মধ্যে ২০টি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।"
অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি কাজী ফাহাদ জানান, সদস্যপ্রতিষ্ঠানগুলো এখন শুধু পোশাকশিল্প নয়, বরং বিভিন্ন শিল্পের জন্য প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করছে। তাই সংগঠনের নাম থেকে ‘গার্মেন্টস’ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিএএমইএ) রাখা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।
নির্বাচন বোর্ডের নোটিশ অনুযায়ী, ১ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দুটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে।