নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং প্রকল্প হস্তান্তরের অনিশ্চয়তার মতো নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বর্তমান আবাসন খাত। এমন পরিস্থিতিতে নীতি, সততা এবং নির্মাণমানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করে নিয়েছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)।
প্রতিষ্ঠানটির দাবি, তারা বাজারে প্রচলিত অতিরঞ্জিত প্রচারণা বা ‘পুশ সেল’-এর পরিবর্তে পণ্যের মান এবং গ্রাহক সন্তুষ্টির বিষয়টিকে ব্যবসার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে। এই মূল্যবোধের ধারাবাহিক প্রয়োগই তাদের আবাসন খাতে একটি নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
এসইএলের পথচলা শুরু হয় ১৯৮৩ সালে, যখন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল নিজস্ব উদ্যোগে এর কার্যক্রম শুরু করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। শুরুতে সেতু ও হাসপাতালসহ বিভিন্ন বৃহৎ সরকারি অবকাঠামো নির্মাণে সফলতার পর ১৯৯৫ সালে আবাসন খাতে প্রবেশ করে এসইএল।
এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সফলভাবে ২৭৫টি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে এবং বর্তমানে আরও ৫৩টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) নীতিমালা অনুসরণ করে প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা হয়। কর্মকর্তাদের মতে, এই মাননির্ভর ব্যবস্থাপনাই তাদের দীর্ঘমেয়াদি সাফল্য ও গ্রাহক আস্থার মূল ভিত্তি।
ভবনের কাঠামোগত নিরাপত্তা, প্রকৌশলগত নির্ভুলতা ও দীর্ঘস্থায়িত্বের বিষয়ে এসইএল সর্বাধিক গুরুত্ব দেয়। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ ভূমিকম্প-সহনশীল ভবন নকশা এবং এর বাস্তব প্রয়োগে গবেষণা ও নেতৃত্ব প্রদান করছেন, যার ফলে নির্মিত ভবনগুলো উচ্চমানের নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখছে।
নির্মাণের প্রতিটি স্তরে গুণগত মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি নিজস্ব ‘এসইএল রেডি মিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস’ ইউনিট থেকে উন্নত মানের কংক্রিট সরবরাহ করে। পাশাপাশি তারা পরিবেশবান্ধব ‘এসইএল কংক্রিট ব্লক’ উৎপাদন করছে।
এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল বলেন, ‘একটি ভবন শুধু ইট, বালু ও সিমেন্টের সমন্বয় নয়; এটি মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ঠিকানা। তাই আমরা কখনো গুণগত মান, নৈতিকতা কিংবা গ্রাহকের আস্থার সঙ্গে আপস করিনি। আমাদের প্রতিটি প্রকল্পে নিরাপদ নির্মাণ, সময়মতো হস্তান্তর এবং দীর্ঘস্থায়ী মান নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।’