ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে একাধিক নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। এই উদ্যোগের আওতায় নিয়মিত বিক্রেতাদের জন্য আলাদা অ্যাপ তৈরির সুযোগের পাশাপাশি সেলফির মাধ্যমে বিনামূল্যে পরিচয় যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুল চালু করা হবে। এছাড়া ফোন বা কম্পিউটারের পুরো পর্দাজুড়ে ভিডিও দেখার সুবিধাও যুক্ত হবে প্ল্যাটফর্মটিতে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সেবাগুলো চালু করা হবে বলে জানানো হয়েছে।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, যারা নিয়মিত পণ্য বিক্রি করেন, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর জন্য ‘সেলার’ নামে একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা তাদের পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে বার্তা আদান-প্রদান এবং বিক্রির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। উল্লেখ্য, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। নিয়মিত বিক্রেতাদের কেনাবেচার প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতেই এই অ্যাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে একটি বিনামূল্যে পরিচয় যাচাইকরণ সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা সেলফির সাহায্যে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। যাচাইকরণ প্রক্রিয়া সফল হলে সংশ্লিষ্ট প্রোফাইলে সাদা বৃত্তের ভেতর একটি টিকচিহ্ন প্রদর্শিত হবে, যা ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং ফেসবুক গ্রুপে দেখা যাবে। মেটার দাবি, এই ব্যবস্থার ফলে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা সহজ হবে এবং ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমে পারস্পরিক আস্থা বাড়বে।
ভিডিও দেখার অভিজ্ঞতায় পরিবর্তন এনে পরীক্ষামূলকভাবে ফুল স্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করছে ফেসবুক। প্রাথমিকভাবে কয়েকটি নির্বাচিত বাজারে এই সুবিধাটি দেওয়া হবে। তবে ব্যবহারকারীরা চাইলে এই নতুন ইন্টারফেস বন্ধ করে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শনপদ্ধতি ব্যবহার করার সুযোগ পাবেন।
পাশাপাশি, মার্কেটপ্লেস সেলার অ্যাপ এবং ফেসবুক গ্রুপের জন্য এআই-নির্ভর কিছু বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে মেটা। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি করা এবং গ্রুপ থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করা ও প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। মেটা জানিয়েছে, এই এআই-সুবিধাগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করবে এবং ফেসবুক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।