যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তির মুখেও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফলকার টুর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ১৪৪-১০ ভোটে প্রস্তাবটি পাস হওয়ার পর তিনি আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
গত শুক্রবার সাধারণ পরিষদের এই ভোটের মাধ্যমে ২০২২ সাল থেকে দায়িত্ব পালনরত টুর্ক একটি অনন্য রেকর্ড গড়লেন। ১৯৯৩ সালে এই পদটি সৃষ্টির পর থেকে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে পরপর দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন।
অস্ট্রিয়ার এই আইনজীবী ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দিয়ে সংস্থাটির শরণার্থীবিষয়ক এজেন্সিতে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ফলকার টুর্ক গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও তিনি সোচ্চার ছিলেন।