পদার্থবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিমের নতুন বই ‘যে শুরুর শেষ নেই’–এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ওয়াইএমসিএ ভবনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ।

বইটি সম্পর্কে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘যে শুরুর শেষ নেই’ বইটি অসাধারণ। বইয়ের প্রবন্ধগুলো পড়তে পড়তে বোঝা যায়, তরুণ বয়সেও কত বড় চিন্তা করা যায়!

১৯৫৩ সালে মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করা অধ্যাপক আতাউল করিম বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর (একাডেমিক) এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আতাউল করিমের বাবা ডা. মুহাম্মদ আবদুশ শুকুর, যিনি বাংলাদেশে ধূমপানবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এবং মা আনোয়ারা নূরী শুকুর।