চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে রোববার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করবে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
এর আগে, একই দাবিতে গত ১৬ জুলাই সকাল-সন্ধ্যা হরতাল, শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সদ্যঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।
তিনি আরও বলেন, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির আওতায় ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন কর্মসূচির আওতার বাইরে থাকবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. আবুল খায়ের, নুরুল আমিন আজাদ, জসিম উদ্দিন মেম্বারসহ পরিষদের অন্যান্য নেতারা।