দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের প্রত্যেকেরই স্থায়ী ঠিকানা ঢাকা জেলা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭২১ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮১৬।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এই পরিসংখ্যানে আক্রান্তদের বয়সভিত্তিক কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু ঘটে, সেগুলোকে হামে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৬১৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৫ হাজার ২৭২।
হাসপাতালে ভর্তির তথ্যানুসারে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, গত বছরের ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম কিংবা হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যা ওই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায়নি।