চট্টগ্রামের লোহাগাড়ায় পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামের এক দোকানি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আলমগীর (৫৬) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। লোহাগাড়া সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাত ৯টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। ওই হাসপাতালের অদূরেই আলমগীরের একটি ভাতের হোটেল রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী মঈন উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, "গতকাল আলমগীর তাঁর স্ত্রী কমরুন্নেছাকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। রাত ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে ফেরার পথে দ্রুতগতির দুটি মোটরসাইকেল পরপর তাঁকে ধাক্কা দেয়।"

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে চালককে পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"