যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জোনসবরো শহরের একটি ব্যস্ত সড়কে এক অনন্য মানবিক দৃশ্য দেখা গেছে। ছয় লেনের ব্যস্ত রাস্তা পার হতে হিমশিম খাচ্ছিলেন হুইলচেয়ার ব্যবহারকারী এক ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লাল রঙের একটি জিপ থেকে নেমে এগিয়ে আসেন ‘স্পাইডার-ম্যান’র পোশাক পরিহিত এক যুবক।

বাস্তবে এই ‘সুপারহিরো’র নাম ক্রিস্টোফার হেলেনথাল, বয়স ২০ বছর। একটি ট্রাম্পোলিন পার্কে সুপারহিরো-থিমের অনুষ্ঠান শেষ করে পোশাকটি পরেই বাসায় ফিরছিলেন তিনি। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হুইলচেয়ার ব্যবহারকারী ওই ব্যক্তির অসহায় অবস্থা লক্ষ্য করে হেলেনথাল মুহূর্ত দেরি না করে দৌড়ে যান এবং বলেন, ‘আমি আছি।’

এরপর দ্রুত হুইলচেয়ার ঠেলে লোকটিকে নিরাপদে রাস্তার অন্য পাশে পৌঁছে দেন তিনি। কয়েক সেকেন্ড পরেই সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় সারি সারি গাড়ি চলতে শুরু করে এবং হেলেনথাল দ্রুত নিজের জিপে ফিরে যান। পুরো ঘটনাটি সড়কের একটি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে জোনসবরো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। হেলেনথালকে এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পুলিশ বিভাগ।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) হেলেনথাল জানান, ব্যস্ত দুপুরের যানজটে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। তখন তাঁর মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছিল। একই সঙ্গে এটাও মনে হয়েছিল যে স্পাইডার–ম্যানের পোশাক পরে এমন দৃশ্য বেশ মজার হবে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, শেষে যদি স্পাইডার–ম্যানের বিখ্যাত ভঙ্গিটিও দিতেন, তাহলে দৃশ্যটি আরও মজার হতো। জোনসবরো পুলিশ বিভাগের মুখপাত্র স্যালি স্মিথ বলেন, এ বিভাগে তাঁর সাত বছরের চাকরিজীবনে এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি।