উৎপাদনমুখী রাষ্ট্র গঠনের পরিবর্তে কার্ডভিত্তিক সহায়তার মাধ্যমে বাড়ি বাড়ি বেকারত্বকে সরকার উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়ন ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি নামের এই চারাগাছকে আপনারা বৃক্ষে পরিণত করুন। আমরা জনগণের সঙ্গে কখনোই প্রতারণা করব না।

এনসিপির অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, ভোট বিক্রির মাধ্যমে দেশের প্রকৃত মালিক জনগণ নিজেরাই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। ফলে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহির পরিবর্তে জনগণকেই পাঁচ বছর ধরে ভোগান্তি পোহাতে হয়। এই অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে জনপ্রতিনিধিরাই পাঁচ বছর জনগণের সেবক হিসেবে কাজ করতে বাধ্য হবেন।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে এনসিপির এই নেতা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বাইরে রেখে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির এবং এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান।