ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী দুটি বাস ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোশারফ হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে এ সংঘর্ষ হয়। নিহত রিকশাচালক মোশারফ উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সেবা পরিবহনের সংঘর্ষ হয়। এ সময় বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া একটি রিকশার ওপর উঠে যায়। এতে রিকশাচালক মোশারফ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।