মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অভি, তন্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু, কৃষক দল নেতা আব্দুর রহিম এবং বিএনপি নেতা পিন্টু। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের ওই নেতারা কার্যালয়ে বসে দলীয় বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় সিংপাড়া এলাকার মন্টু শেখের নেতৃত্বে রক্তিম, সায়মন ও সানিসহ ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে অনিক ইসলাম অভিকে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে অপর তিন নেতাকর্মীকেও মারধর করা হয়। একপর্যায়ে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত যুবদল নেতা অনিক ইসলাম অভি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মন্টু শেখ বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি নয়।

তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।