যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ভেসে যাওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার মশরহাটী এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভৈরব নদে জোয়ার ছিল। বেলা ১০টার দিকে উপজেলার মধ্যপুর এলাকায় নদে এক ব্যক্তির লাশ ভেসে যেতে দেখা যায়। মৃত ব্যক্তির পরনে ছিল একটি জিনসের প্যান্ট এবং গায়ে হলুদ রঙের একটি গেঞ্জি। বিষয়টি লক্ষ্য করে এলাকাবাসী দ্রুত নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়িতে খবর জানান। খবর পেয়েই লাশটি উদ্ধারে অভিযান শুরু করে নৌ পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মশরহাটী এলাকায় ভৈরব সেতুর পাশে লাশটি দেখতে পায় পুলিশ। পরবর্তীতে বেলা তিনটার দিকে লাশটি নদী থেকে উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানিয়েছে, লাশটি কয়েক দিন আগের হওয়ায় তা গলে গেছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিৎ সেন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, "মৃত ব্যক্তির নাম ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"