পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও, টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ভিন্ন তথ্য দিয়েছেন কোচ ড্যারেন স্যামি। তিনি জানান, টিম ম্যানেজমেন্ট তাকে দলে নিতে চাইলেও এই পেসার জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করেছেন।
সাধারণত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য অনেক ক্রিকেটার জাতীয় দলের ম্যাচ এড়িয়ে যান, তবে তারা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) চুক্তিবদ্ধ খেলোয়াড় হন না। কিন্তু ২৯ বছর বয়সী আলজারি জোসেফের বিষয়টি ভিন্ন, কারণ তিনি বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও দলের চাওয়া উপেক্ষা করে খেলতে অস্বীকৃতি জানানোর বিষয়টি বোর্ড ইতিবাচকভাবে দেখবে না বলে ধারণা করা হচ্ছে।
আলজারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে কোচ ড্যারেন স্যামি বলেন, “এ ধরনের বিষয় আমার এখতিয়ারের বাইরে। চুক্তিভুক্ত খেলোয়াড়ে কীভাবে দলের ডাক প্রত্যাখ্যান করার সুযোগ পান, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা বোর্ডের পরিচালকদের ওপরই ছেড়ে দিচ্ছি।”
দলের জন্য এই অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবে দেখছেন স্যামি। তিনি বলেন, “এটা দলের জন্য বড় ক্ষতি। জোসেফ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এটাই সত্য। ওকে স্কোয়াডে রাখা হয়েছিল। জোসেফ কিছুদিন আগে চোট থেকে ফিরেছে। তবে পরবর্তী সময়ে কিছু কারণে ও খেলতে অস্বীকৃতি জানিয়েছে।”
উল্লেখ্য, গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন আলজারি জোসেফ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি খেলেছেন।
আলজারির অনুপস্থিতিতে পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ সামলাবেন শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস এবং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল। স্পিন বিভাগে থাকছেন জোমেল ওয়ারিক্যান, নতুন মুখ জশুয়া বিশপ এবং অধিনায়ক রোস্টন চেজ।
বোলিং আক্রমণের সক্ষমতা নিয়ে স্যামি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমাদের বোলিং আক্রমণ ২০ উইকেট নিতে সক্ষম। টেস্ট জেতার জন্য এটিই মূল শর্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে আমরা এর প্রমাণ দেখেছি। বল হাতে আমরা তাদের সমকক্ষ ছিলাম। পাশাপাশি ব্যাটসম্যানদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল দেখা গেছে শ্রীলঙ্কা সিরিজে, যেখানে খেলায় বেশ ধারাবাহিকতা এসেছে। ব্যাটসম্যানরা রান করার পাশাপাশি এই বোলিং আক্রমণ ভালো করলে যেকোনো টেস্টেই জয় সম্ভব।”
আগামীকাল ত্রিনিদাদে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ আগস্ট পোর্ট অব স্পেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।