আগস্ট মাসে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর পর এই সফরে যাওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন।
নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল। শুরুতে তিনি অনুষ্ঠানের বাইরের বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করলেও ক্রিকেটীয় আলোচনায় জড়ান। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজের জন্য যে শক্তিশালী দল ঘোষণা করেছে, সেখানে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়েছে, যারা সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি। এছাড়া দলে রয়েছেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথ এবং মারনাস লাবুশেনের মতো নিয়মিত টেস্ট ব্যাটসম্যানরা। দুই দলের শক্তির ব্যবধান এবং সিরিজের কম আলোচনা সত্ত্বেও অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণা অনেকের কাছেই চমকপ্রদ মনে হয়েছে।
এই বিষয়ে নাজমুল বলেন, ‘স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের।’
কেন একে অর্জন হিসেবে দেখছেন, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যে দল দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ ওদের বিপক্ষে কত ভালো খেলতে পারি। ইতিমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দলটা নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’
তবে সিরিজের আগে বাংলাদেশ শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চোট পেয়েছেন। অন্যদিকে, আগে থেকেই ইনজুরিতে থাকা লিটন দাস বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন, ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়। তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নাজমুল। তিনি বলেন, ‘এগুলো আসলে ফিজিও, ট্রেনার এবং ম্যানেজমেন্ট গ্রুপ থেকে সিদ্ধান্ত নেবে। তারা ওভাবেই ম্যানেজ করছে।’