সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মর্জিনা (২৮) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় এলাকার একটি মুদি দোকানের তালা ভেঙে মোট ৪০ কেজি ৭ গ্রাম গাঁজা উদ্ধার করে আভিযানিক দল।

র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল—এমন সংবাদের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়। নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আরমান হোসেন হৃদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের বিষয়ে কোম্পানি কমান্ডার মো. আরমান হোসেন হৃদয় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেছেন যে, তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে মাদক সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।