মানিকগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় শুকুর আলী (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জয়াব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ভ্যানগাড়িতে করে ঘুরে ঘুরে আমসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাইকারি বাজার থেকে আম কিনে ভ্যানগাড়িতে করে মানিকগঞ্জ শহরের খুচরা বাজারের দিকে যাচ্ছিলেন শুকুর আলী। পথে ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার সময় একটি দ্রুতগতির মালবাহী কাভার্ডভ্যান তার ভ্যানগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।