জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত নতুন শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগো।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (২৭ দেশের জোট), তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাকি ৩৮টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে চীন ও ভিয়েতনাম অন্তর্ভুক্ত। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলের ওপরও ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আরোপ করা ১০ শতাংশ সাময়িক (১৫০ দিনের জন্য) বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন এই শুল্কহার কার্যকর হবে। তবে যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্যগুলো ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই শুল্কহার থেকে অব্যাহতি পাবে।