সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উদ্যাপন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহমেদ আযম খান যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মর্যাদা যাতে ভূলুণ্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ পাশাপাশি তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল–এর ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরাঙ্গ মোহান্তো এবং সাধারণ সম্পাদক তালুকদার লাভলী।
এই আয়োজনে বাংলাদেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গবেষকেরা সরাসরি এবং ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।