যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তাঁর ১৫ বছর বয়সী কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল ২৩ জুলাই বুধবার বিকেলে কোলচেস্টারের নিকটবর্তী ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এসেক্স পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্ক সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চল্লিশোর্ধ্ব এক নারী ও এক কিশোরীকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং তিনজনকে সড়কপথে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত নারীর নাম সেলিনা রহমান, যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা এবং যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। নিহত কিশোরী তাঁদের ১৫ বছর বয়সী মেয়ে। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান। শোকাহত বিএনপি নেতা মুজিবুর রহমান মুক্তকণ্ঠকে তাঁর মেয়ে ও নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "তাঁর ছোট মেয়ের সাত বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তাঁর ৪০ বছর বয়সী মেয়ে এবং ১৫ বছর বয়সী নাতনি প্রাণ হারায়।"

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়ারের স্রোতে পরিবারের সাত বছর বয়সী শিশুটি ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে মা ও মেয়ে পানিতে নামেন। তবে সাগরের প্রবল স্রোতে তাঁরা দুজনই তলিয়ে যান। শিশুটি বর্তমানে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যাল পিচার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি তদন্তের স্বার্থে সৈকতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছে এ ঘটনার কোনো ছবি বা ভিডিও থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। পুলিশের ধারণা, ঘটনায় জড়িত সবাই পরস্পরের পরিচিত ছিলেন।

উদ্ধার অভিযানে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের ওয়েস্ট মার্সি ইনশোর লাইফবোট এবং ক্ল্যাকটন-অন-সি কেন্দ্রের দুটি লাইফবোট অংশ নেয়। এছাড়া হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম, ক্রিটিক্যাল কেয়ার প্যারামেডিক এবং দুটি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ঘটনার পর পুলিশ সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সৈকত এলাকা সাময়িকভাবে এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানায়। কোস্টগার্ড উদ্ধারকারী দল এই ঘটনাকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে।

চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে খোলা জলাশয় ও সমুদ্রের পানিতে ডুবে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। গত মে মাসের তাপপ্রবাহের সময় খোলা পানিতে সাঁতার কাটতে গিয়ে অন্তত ১৫ জন, যাদের বেশির ভাগই শিশু, প্রাণ হারিয়েছিল। বর্তমানে ওয়েস্ট মার্সির এই ঘটনাটি নিয়ে এসেক্স পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।