মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে কক্ষের টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সদর থানা সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা ৫৫ মিনিটে থানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১০–১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কক্ষের ভেতরে থাকা টিভি, এসি ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদর স্টেশনের কর্মকর্তা আদম আলী জানান, "কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৩–৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।"
ঘটনা প্রসঙ্গে ওসি মনির হোসেন বলেন, "থানায় অফিস কক্ষ থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর খবর পান, তাঁর অফিস কক্ষে আগুন লেগেছে। অফিস গিয়ে দেখেন কক্ষের ভেতরে টিভি, এসি এবং অফিসের বিভিন্ন আসবাব আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"