আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁতীবাজারে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে প্রভাতি আরতির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে। দুপুরে ভোগ আরতির পর শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মাসির বাড়ি থেকে তাঁতীবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং সেখানে রথে বসানো হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল চারটায় রথ টানা শুরু হবে। রথটি তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে উত্তর দিকে যাত্রা করে ইংলিশ রোড, রায় সাহেব বাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালি রোড ও শিবমন্দির হয়ে পুনরায় তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণে ফিরে আসবে।

আয়োজকদের প্রত্যাশা, এই উল্টো রথযাত্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্ত অংশ নেবেন। এছাড়া এই উপলক্ষে স্থানীয় এলাকায় মেলা বসবে, যেখানে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

দিনের সব কর্মসূচি শেষে রাতে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে। আয়োজকেরা জানিয়েছেন, উল্টো রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর; তাই জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। বিশ্বাস করা হয় যে, তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয় এবং জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এই গভীর বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা পালন করেন।