চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি গাড়ির মাঝে পড়ে সালাউদ্দিন (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথে আবুতোরাব বাজারের পাশে মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী ‘সেভেন রিংস সিমেন্ট’-এর একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলমুখী ‘চট্টগ্রাম অনলাইন’-এর একটি ডাবল কেবিন পিকআপের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের অত্যন্ত নিবেদিতপ্রাণ ও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো ইউনিয়ন যুবদল পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।