সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৃথক এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। সর্বস্তরের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা ব্যানারে মানববন্ধন এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

দুটি কর্মসূচিতেই উপজেলার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ঈশ্বরীপুর, নূরনগর ও বংশীপুরসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়কে মিছিল করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিষয়টি কেবল একটি রাজনৈতিক দলের শৃঙ্খলাভঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পুরো অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।

মিছিল শেষে বিক্ষোভকারীদের একাংশ তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বলেন, এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে তাকে এক নারীকে নিয়ে একটি হোটেলের লবিতে প্রবেশ করতে এবং রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলে ভেতরের দিকে যেতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম আক্তার কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ভিডিওটি কবে, কোথায় এবং কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তার সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ওই ঘটনার বিষয়ে গাজী নজরুল ইসলাম এক লিখিত বিবৃতিতে দাবি করেছিলেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি রাজধানীর মগবাজারে তার শ্বশুরের কার্যালয়ে ঘটেছিল। পুরো বিষয়টিকে তিনি নিজের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেন।