চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিমেন্টবাহী ট্রাক এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের মাস্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৩৬)। তিনি মিরসরাই উপজেলার উত্তর শাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে এবং শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই মো. সালাউদ্দিন প্রাণ হারান। এতে তাঁর মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন মুক্তকণ্ঠকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। দুর্ঘটনার পর দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’