বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে বাংলাদেশ-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকে রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুরকে অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উক্ত আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।