ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির মুখে লোহিত সাগরে গতিপথ পরিবর্তন করেছে সৌদি আরবের অপরিশোধিত তেল বহনকারী দুটি ট্যাংকার। হরমুজ প্রণালির পর বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার দৃশ্যমান হলো।

গত মঙ্গলবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চীন ও ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্যাংকার দুটি। তবে বাব আল-মানদেব প্রণালি দিয়ে ভারত মহাসাগরের দিকে না গিয়ে জাহাজ দুটি উল্টো দিকে ঘুরে সুয়েজ খালের দিকে চলে যায়। জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে হুতিরা হুমকি দিয়ে বলেছে, "সৌদি আরবের তেলবোঝাই বা খালাস করে—এমন যেকোনো জাহাজে তারা হামলা চালাবে।"

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ বুধবার ভোরে জানিয়েছে, টানা ১১তম রাতের মতো তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ ভোরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রাজধানী তেহরানের আকাশে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে। এছাড়া সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকা বুশেহরেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। একই সময়ে পারস্য উপসাগরের প্রবেশমুখে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে, বাহরাইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের আঞ্চলিক ডেটা সেন্টারের অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। তবে অ্যামাজন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সও স্বাধীনভাবে দাবিটি যাচাই করতে পারেনি।

গত সোমবার ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করায় বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি জাহাজের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযোগে ইরানের ওপর হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সৌদি আরব প্রতিদিনের কয়েক মিলিয়ন ব্যারেল তেল পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে এনে লোহিত সাগর দিয়ে রপ্তানি করছিল। এখন বাব আল-মানদেব প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে এবং যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম আবারও ৪ ডলার ছাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত হুতিরা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালি বন্ধ করেনি। তবে তিনি সতর্ক করে বলেন, “এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি। যদি এমন কিছু ঘটে, তাহলে আমরা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

ট্রাম্প আরও জানান, ইরানের হামলায় এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন গত কয়েক দিনে জর্ডান ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রাণ হারান। ক্রমবর্ধমান জ্বালানি দামের কারণে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।