ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের মুখে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি) এই তথ্য নিশ্চিত করেছে। বন্ধ হওয়া স্টেশনগুলোর তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেটসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ডিএমআরসি জানিয়েছে, "নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ মিশন আশ্রম মার্গ ও বারোখাম্বা রোড স্টেশন বন্ধ থাকবে।"

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একই সঙ্গে সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনগুলোও বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার্থে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে বলে ডিএমআরসি জানিয়েছে।

উল্লেখ্য, পরীক্ষায় অনিয়মের অভিযোগে পার্লামেন্ট অভিমুখে যাত্রার ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিতে অংশ নিতে গত সোমবার সেন্ট্রাল দিল্লিতে হাজার হাজার মানুষ জড়ো হলে উদ্ভূত পরিস্থিতিতে ওই দিনও বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।