বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের পাশাপাশি তাইওয়ান অঞ্চলের বাসিন্দাদেরও কনস্যুলার সুরক্ষা ও সহায়তা দেওয়া মূল ভূখণ্ড চীনের দায়িত্ব বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়।
বুধবার (২২ জুলাই) এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কার্যালয়ের মুখপাত্র চাং হান। সম্প্রতি রাশিয়ার ইরকুতস্কের কাছে এক সড়ক দুর্ঘটনায় কয়েকজন তাইওয়ানি পর্যটক আহত হন।
এ ঘটনায় চীনের ইরকুতস্ক কনস্যুলেট জেনারেলের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে চাং হান জানান, গভীর রাতে সহায়তার আকুল আবেদন পাওয়ার পরপরই কনস্যুলেট দ্রুত স্থানীয় হাসপাতালের সঙ্গে সমন্বয় করে জরুরি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করে।
পাশাপাশি প্রতিনিধি দল পাঠিয় গুরুতর আহত তাইওয়ানি পর্যটকদের হাসপাতালে সরাসরি খোঁজখবর নেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে নিশ্চিত করেন তিনি।
চাং হান আরও বলেন, ‘তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষই মূলত চীনা। আমাদের স্বদেশিরা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তারা নিশ্চিন্তে মাতৃভূমির যত্ন ও সুরক্ষার ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন।’
তিনি স্পষ্ট করেন, বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় যে কোনো সেবা নিশ্চিত করতে মূল ভূখণ্ড চীন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং তাইওয়ান অঞ্চলের নাগরিকরাও সেই সার্বিক সুরক্ষা ও সহায়তার আওতায় রয়েছেন।
সূত্র: সিএমজি