ইনস্টাগ্রামে প্রকাশিত পুরোনো পোস্ট বা ক্যারোসেল পোস্টের অডিও বা গান পরিবর্তনের জন্য এখন আর পুরো পোস্টটি মুছে নতুন করে আপলোড করতে হবে না। ব্যবহারকারীদের এই ঝামেলা কমাতে ‘রিপ্লেস অডিও’ নামের একটি নতুন সুবিধা চালু করেছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
এর আগে কোনো পোস্টে ব্যবহৃত গান পরিবর্তন করতে হলে সেটি মুছে পুনরায় প্রকাশ করতে হতো। এর ফলে ওই পোস্টে আগে পাওয়া লাইক, মন্তব্য, শেয়ার এবং দর্শকসংখ্যা সম্পূর্ণভাবে মুছে যেত। তবে নতুন ‘রিপ্লেস অডিও’ ফিচারের ফলে পুরোনো পোস্টের গান পরিবর্তন করলেও এর এনগেজমেন্ট বা সম্পৃক্ততার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না; লাইক ও কমেন্ট আগের মতোই অক্ষুণ্ণ থাকবে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, আধেয় বা কনটেন্ট নির্মাতাদের নিজেদের পুরোনো পোস্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যে রিপ্লেস অডিওর সুবিধা চালু করা হয়েছে। এই নতুন ফিচারটি বিশেষ করে কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন ব্র্যান্ডের জন্য অত্যন্ত কার্যকর হবে। এর মাধ্যমে ব্যক্তিগত রুচির পরিবর্তন হলেও সহজেই পুরোনো পোস্টে নতুন গান যুক্ত করা সম্ভব হবে।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, রিপ্লেস অডিওর সুবিধাটি ব্যবহার করতে প্রথমে সংশ্লিষ্ট পোস্টটি ওপেন করতে হবে। এরপর পোস্টের ডান দিকের ওপরে থাকা দুই দাগের মেনুতে ট্যাপ করে ‘এডিট’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘রিপ্লেস অডিও’ নির্বাচন করলেই পছন্দমতো নতুন গান যুক্ত করা যাবে।