ঢাকার ধামরাই উপজেলার পল্লীকুল্লা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি ওই এলাকার ময়নাল হোসেনের (৪৫)।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।