মাদক কারবার নিয়ন্ত্রণ করতে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন একটি দল নিয়ে সেখানে অভিযান চালান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে বস্তির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, টঙ্গীর প্রতিটি বস্তিতে মাদকে ছয়লাব। বিশেষভাবে মাদকের আখড়া হিসেবে পরিচিত হাজীর মাজার। পুলিশের একার পক্ষে এই মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য জায়গার মালিক, যারা গ্যাস বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দেন সবার সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গাজীপুরের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গত মাসে ১৭১টি মামলা দিয়েছে। কিন্তু এই বস্তিতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি এখানে লাগাতার অভিযান চালাচ্ছি।
তিনি আরও বলেন, পুলিশ চলে গেলে এখানে মাদকের হাট বসে। পুলিশের অবর্তমানে যেন মাদকের রমরমা কারবার না হয় সেজন্য এই অভিযান। আমরা লাইন বিচ্ছিন্ন করার আগে ডেসকোর সঙ্গে কথা বলি, তারা আমাদের জানায় সবগুলো লাইন অবৈধ। আমরা এই বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছি।