বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার নতুন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। অর্থাৎ পাসপোর্ট সূচকে একলাফে তিন ধাপ এগিয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তবে এবার বাংলাদেশের সঙ্গে একই সূচকে অবস্থান করছে উত্তর কোরিয়া। এবারের সূচকেও যথারীতি শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। আফগানিস্তানের অবস্থান সবার শেষে।

মঙ্গলবার (২১ জুলাই) এসব তথ্য জানা গেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক থেকে। বিশ্বজুড়ে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের আগাম ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধার ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত তথ্যমতে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে কোনো পূর্ব আগাম ভিসা ছাড়া অথবা পৌঁছানোর পর ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন। ৯৭তম স্থানে থাকা উত্তর কোরিয়ার নাগরিকরাও সমসংখ্যক (৩৫টি) দেশে এই সুবিধা পান।

তালিকার বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের রেকর্ড ১৯২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরবাত আমিরাত।

সূচকের সর্বনিম্ন অর্থাৎ ১০৪তম স্থানে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। দেশটির নাগালের মধ্যে রয়েছে মাত্র ২২টি গন্তব্য। দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে মালদ্বীপ (৪৯তম)। বাংলাদেশ এই অঞ্চলে নেপাল (৯৮তম), পাকিস্তান (১০১তম) ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০০তম অবস্থান ছিল বাংলাদেশের। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। ২০২০ সালে এই সূচকে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল। অন্যদিকে গত বছরের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

সেরা দশে কারা

চলতি বছরও বরাবরে মতো পাসপোর্ট সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার আরও তিন দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এ তিন দেশের পাসপোর্টধারীরা।

সূচকে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ সুইডেন। দেশটির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

চতুর্থ অবস্থানে আছে ইউরোপের মোট ১১টি দেশ। দেশগুলো হলো বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এবারের সূচকে পঞ্চম অবস্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ষষ্ঠ অবস্থানে থাকা হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সূচকে সপ্তম অবস্থানে থাকা আটটি দেশ অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৩টি দেশে।

অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৮২টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে নবম অবস্থানে আছে দুটি দেশ—লিচেনস্টেইন ও লিথুনিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮১টি দেশে।

সূচকে দশম অবস্থানে থাকা আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮০টি দেশে।