‘গডজিলা’ সিরিজের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১৮ বছর।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর তিনটার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দুই লেনের রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি কালভার্টে আছড়ে পড়ে। ওই গাড়িতে দুই যাত্রী ছিলেন, যাদের একজনের পরিচয় পাওয়া গেছে কেলি হটল হিসেবে।

দুর্ঘটনার পরপরই কেলি হটলকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানা গেছে। শেরিফের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘গডজিলা ভার্সেস কং’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। কাহিনী অনুযায়ী, জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এই অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কেলি।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। বাস্তব জীবনেও তিনি জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তিনি টেক্সাসের অস্টিনের টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।