বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসমান এক রহস্যময় বিশালাকার ধাতব কাঠামো উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। দেখতে অনেকটা তেলবাহী ট্রেনের ট্যাংকের মতো লাল রঙের এই কাঠামোটি দেখে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাগরে ইলিশ ধরতে গিয়ে জেলেদের চোখে পড়ে ভাসমান এই ধাতব বস্তুটি। এরপর তাঁরা দুটি নৌযানের সাহায্যে রশি দিয়ে সেটি বেঁধে টেনে তীরে নিয়ে আসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটগাছতলা ইলিশের ঘাটে কাঠামোটি পৌঁছে দেওয়া হয়।

উদ্ধার করা ধাতব কাঠামোটি লম্বায় প্রায় ৩৫ ফুট এবং ব্যাস প্রায় ১০ ফুটের মতো। বর্তমানে এই রহস্যময় বস্তুটি ঘিরে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।