অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস এক লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েন। কথা বলার মাঝেই হঠাৎ চিৎকার করে ওঠেন তিনি, ‘বসে পড়ো।’ মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে গত সোমবার রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে জয়েস পরে সাংবাদিককে বলেন, ‘দুঃখিত, এটা কুকুরটার জন্য।’

কিছুক্ষণ পর কুকুরটি পুনরায় ঘেউঘেউ শুরু করলে জয়েস জানান, ‘কুকুরটির জন্য আমি দুঃখিত। হঠাৎ করেই এটি ঘেউ ঘেউ শুরু করেছে।’

এই পরিস্থিতিতে সাংবাদিক ও উপস্থাপক সারা ফার্গুসন বলেন, ‘কুকুর নিয়ে ভাববেন না, শুধু প্রশ্নের উত্তর দিন।’

ফার্গুসনের এই মন্তব্যের জবাবে জয়েস সতর্ক করে বলেন, ‘অভদ্র হবেন না, সারা। তা না হলে এই সাক্ষাৎকার এখানেই থেমে যাবে।’

সাক্ষাৎকারটিতে ফার্গুসন মূলত জয়েসের দলের প্রধান পলিন হ্যানসনের সঙ্গে কট্টর ডানপন্থী ব্রিটিশ কর্মী টমি রবিনসনের বৈঠক নিয়ে প্রশ্ন তুলছিলেন। উল্লেখ্য, গবাদিপশুর খামারি হিসেবে পরিচিত জয়েস এর আগেও কুকুর নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এমনকি তিনি হলিউড অভিনেতা জনি ডেপের পোষা কুকুরকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলে জানা যায়।

জনমত জরিপ অনুযায়ী, কয়েক দশক প্রান্তিক অবস্থানে থাকার পর সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে হ্যানসনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ওয়ান নেশন।

সম্প্রতি টমি রবিনসনের সঙ্গে এক পডকাস্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হ্যানসন। সাবেক উগ্র ও সহিংস ফুটবল সমর্থক রবিনসন বর্তমানে ইসলামবিরোধী কর্মী হিসেবে পরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে তাঁর প্রভাব বৃদ্ধি পেয়েছে।

ওই পডকাস্টে রবিনসনকে হ্যানসন বলেছিলেন, ১৯৭০-এর দশকে ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ নীতির অবসান, যে নীতির মাধ্যমে অশ্বেতাঙ্গ অভিবাসন সীমিত করা হতো, বর্তমান অস্ট্রেলিয়ার বিভিন্ন সমস্যার জন্য তা আংশিকভাবে দায়ী। এই মন্তব্যের ফলে দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হ্যানসন। তবে পরবর্তীতে তিনি দাবি করেন যে, তিনি ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ নীতি পুনর্বহালের আহ্বান জানাননি।