সৌদি আরব প্রবাসী অসুস্থ ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিদেশে অবস্থানরত অসুস্থ ছেলের জন্য ওষুধ পাঠাতে মতলব উত্তর উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন খাদিজা বেগম। ওষুধ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে অটোরিকশায় উঠতে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী হাইচ (মাইক্রোবাস) গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সোহাগ হালদার জানান, ওই নারী অটোরিকশায় ওঠার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগতির হাইচ গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করার আগেই তিনি মারা যান। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।