বিশ্বকাপ ফাইনালের হার শুধু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্নই ভাঙেনি, অনিশ্চয়তা তৈরি করেছে দলের ইতিহাসের অন্যতম সফল কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও। দেশে ফিরে আবারও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকলেও এরপর কী করবেন, তা এখনো ঠিক করেননি।

নিজ শহর পুজাতোয় ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্কালোনি। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আমরা এখানে আছি।’ তবে ২০২৭ সালেও দায়িত্বে থাকবেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে যান আর্জেন্টিনা কোচ।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ফাইনাল হারার পর সংবাদ সম্মেলনেও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন স্কালোনি। আবেগ ধরে রাখতে না পেরে একপর্যায়ে কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান তিনি।

স্কালোনি তখন জানিয়েছিলেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। তার ভাষায়, ‘চুক্তি পূর্ণ করব, তারপর দেখব।’

টানা দুটি বিশ্বকাপের ফাইনালে দলকে তোলার মতো বড় কিছু আবার করতে পারবেন কি না, সেটি নিয়েও ভাবতে চান তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসবেন স্কালোনি। সেই আলোচনাতেই জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

বিশ্বকাপের পর সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এখনো প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যু ঠিক হয়নি। তবে স্কালোনি জানিয়েছেন, ‘সেপ্টেম্বরে আমাকে ট্রেনিং সেন্টারে থাকতে হবে।’ অর্থাৎ তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন না তিনি।

দলের মধ্যে বিভক্তি কিংবা অভ্যন্তরীণ বিরোধের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন স্কালোনি। তার দাবি, বিশ্বকাপে প্রত্যেক খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। শিরোপা না জিতলেও দেশে ফেরার পর সমর্থকদের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন তিনি। তবে ডিসেম্বরের পর সেই সফল অধ্যায় চলবে কি না, আপাতত সেই উত্তর অজানাই থাকছে।