শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করা হয়। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে এবং তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে 'অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
নতুন প্রজন্মের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এ জন্য প্রধানমন্ত্রীও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদের ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করার কথা রয়েছে।’
শিশুদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মিড ডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধির পাশাপাশি সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। এছাড়া বেসরকারি স্কুলগুলোর কার্যক্রমও নজরদারির আওতায় আসবে।
সভায় উপস্থিত প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।