হারানো এবং চুরি হওয়া মোট ৪৭টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফোনগুলো উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে মুঠোফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পর ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে ফোনগুলো উদ্ধার করেন।
মুঠোফোন হস্তান্তরের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিভিত্তিক ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা এবং হারিয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের মুঠোফোন ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের এই উদ্যোগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।