তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের কূটনৈতিক উত্তেজনার কারণে তা পিছিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে সিরিজটি হবে কি না, তা নিয়ে দীর্ঘ সময় ধোঁয়াশা বিরাজ করলেও এবার আশার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

চলতি বছরের মার্চে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তাশঙ্কার কথা বিবেচনা করে অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বৃদ্ধি পায়। এমনকি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিসিবি ভারতের বিপক্ষে সিরিজের মিডিয়াস্বত্ব বিক্রির কার্যক্রমও স্থগিত করে। তবে এবার ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই অচলাবস্থা কাটাতে চান প্রতিমন্ত্রী।

আজ মিরপুরের সুইমিং কমপ্লেক্সে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের একটি মর্যাদার জায়গা। ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান আছে, সে ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি…ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ভারতের দূতাবাসে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে, তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে।’

বিগত তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বিগত সময়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে একটা টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই আমাদের যে ক্রীড়া কূটনীতি, আমাদের যে যোগাযোগ, চলাচল—সবকিছুই খুব স্বাভাবিকভাবে চলমান থাকবে।’

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কুঁড়ির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মে ও জুন মাসজুড়ে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগীয় ও আঞ্চলিক ধাপের খেলাগুলো সম্পন্ন হয়। আগামী ২৭ জুলাই বিকেল চারটায় আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান ও সেরা ক্রীড়াবিদদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।